ভোলা প্রতিনিধি।।
ভোলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী মমিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মোটরসাইকেলে যাওয়ার পথে ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট বাজার এলাকায় চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি সাংবাদিক মনছুর আলমের পথরোধ করে সন্ত্রাসী মমিন ও তার সহযোগীরা।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং তার কাছ থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।পরে স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মমিন ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
স্থানীয়দের অভিযোগ, মমিন দীর্ঘদিন ধরে যুবদলের নাম ভাঙিয়ে এলাকায় চাঁদাবাজি করে আসছে। তার বিরুদ্ধে ভোলা সদর থানায় একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। এর আগে জিআর ০৮/২৬ নম্বর মামলায় কারাভোগের পর গত ২৫ জানুয়ারি জামিনে বের হয়ে আবারও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মমিনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে মমিন বাহিনীর চাঁদাবাজির হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।