
ভোলা প্রতিনিধি।।
ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অকাল বৃষ্টি ও জোয়ারের পানিতে ব্যাপক কৃষি ফসল প্লাবিত হয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে পুরো এলাকায় নেমে এসেছে হতাশা ও উদ্বেগ।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে চরসামাইয়া ইউনিয়নের বিভিন্ন জমিতে মুগ ডাল, মসুর ডাল, সয়াবিন, মরিচ ও বাদামসহ বিভিন্ন ফসলের আবাদ করা হয়েছিল। কিন্তু মে মাসের শুরুতেই অস্বাভাবিক বৃষ্টি ও জোয়ারের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চলের ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এতে অধিকাংশ ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ আলাউদ্দিন হাওলাদার জানান, তিনি দীর্ঘবছর ধরে অন্যের জমি লিজ নিয়ে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। এবছর তিনি কয়েক একর জমিতে বিভিন্ন ফসল আবাদ করেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টি ও জোয়ারের পানিতে তার সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। এতে তিনি লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। বর্তমানে তিনি চরম আর্থিক সংকটে রয়েছেন এবং স্থানীয় সার ও কীটনাশক ব্যবসায়ীদের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন।
তিনি আরও বলেন, “সাধারণত আগস্ট-সেপ্টেম্বর মাসে এ ধরনের পানি বৃদ্ধি পায়। কিন্তু এবছর মে মাসেই পানি বৃদ্ধি পাওয়ায় ফসল ঘরে তোলার আগেই নষ্ট হয়ে গেছে। সরকারি সহায়তা না পেলে নতুন করে চাষাবাদ শুরু করা সম্ভব হবে না।”
স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক খান বলেন, “আলাউদ্দিন হাওলাদার একজন পরিশ্রমী কৃষক। অকাল বৃষ্টির কারণে তার মতো আরও অনেক কৃষক ক্ষতির মুখে পড়েছেন।”
এ বিষয়ে ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান, অকাল বৃষ্টি ও জোয়ারের পানির কারণে উপজেলার কিছু এলাকায় ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত হলে সরকারিভাবে সহায়তা প্রদানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
স্থানীয় কৃষকরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন, যাতে তারা আবারও কৃষিকাজে ফিরে গিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন।
