ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জব্দ

রিয়াজ হোসেন শান্ত ভোলা।।
ভোলার দৌলতখান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৭ মে ) ভোর ৪টার দিকে দৌলতখান থানার চর মদনপুর সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের এ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় চিহ্নিত সন্ত্রাসী মোঃ লোকমান মেম্বারের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, অভিযুক্ত লোকমান মেম্বার এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সর্বশেষ ২৫ এপ্রিল ২০২৫ তারিখে কোস্ট গার্ড তাকে অস্ত্রসহ আটক করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
পরে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ দৌলতখান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *