
রিয়াজ হোসেন শান্ত, ভোলা।।
ভোলা-র সদর উপজেলার চরপাতাবুনিয়া এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। এতে ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র চরটির চারপাশে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তলদেশ অস্বাভাবিকভাবে গভীর হয়ে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। স্থানীয়দের দাবি, আগে নদীটি ছোট ছিল এবং সহজেই পার হওয়া যেত। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বালু উত্তোলন শুরু হলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে।
রবিবার (১৮ মে) ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান পুলিশ ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় চরের চারপাশে একাধিক ড্রেজারের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।
অভিযানের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক ও শ্রমিকরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মেসার্স ব্যাপারী নেভিগেশন-এর একটি ড্রেজার এবং মেসার্স কবির এন্টারপ্রাইজ, তামিম শামীম ও এমভি জীবন নেছা নামে তিনটি বালুবাহী বলগেট জব্দ করা হয়।
এ বিষয়ে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান বলেন, “অভিযানে একটি ড্রেজার ও তিনটি বল্কহেড জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কোর্টে নিয়মিত মামলা দায়ের করা হবে।”
এদিকে স্থানীয়রা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের স্থায়ী ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে চরপাতাবুনিয়া এলাকার বিস্তীর্ণ অংশ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
