
ভোলা প্রতিনিধি।।
পবিত্র হজে নেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ভোলায় মামুনুল রশিদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আলিনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছিফলী গ্রামের বাসিন্দা মাওলানা মো. ইউনুসের ছেলে মামুনুল রশিদ একই এলাকার বাসিন্দা মো. হারুন অর রশিদকে পবিত্র হজে নেওয়ার কথা বলে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা গ্রহণ করেন। এর মধ্যে ২০২৩ সালে সোনালী ব্যাংক, ভোলা শাখার একটি চেকের মাধ্যমে ৫ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন তিনি।
অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও হজে নেওয়ার বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ না নিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন মামুনুল রশিদ। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও তিনি টাকা ফেরত দেননি।
এ ঘটনায় ভুক্তভোগী হারুন অর রশিদ ২০২৫ সালে ভোলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১১০৭/২৫)। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ভুক্তভোগী হারুন অর রশিদ বলেন, “হজ পালনের আশায় আমি তার ওপর বিশ্বাস করে টাকা দিয়েছিলাম। কিন্তু তিনি প্রতিশ্রুতি রক্ষা না করে আমাকে বারবার ঘুরিয়েছেন। শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, হজের মতো ধর্মীয় বিষয়কে পুঁজি করে এ ধরনের প্রতারণা সমাজে উদ্বেগজনক এবং অনভিপ্রেত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় গ্রেফতারের কারণে অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মামুনুল রশিদ ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
