দীর্ঘ ১৬ বছর পর নতুন আঙ্গিকে ফিরছে ‘চ্যানেল ওয়ান

রিয়াজ হোসেন শান্ত, ভোলা।।

দীর্ঘ ১৬ বছর বিরতির পর নতুন আঙ্গিকে আবারও যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় গণমাধ্যম প্ল্যাটফর্ম “চ্যানেল ওয়ান”। আধুনিক প্রযুক্তি ও সময়োপযোগী কনটেন্ট নিয়ে প্রতিষ্ঠানটির পুনঃযাত্রার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ উপলক্ষে সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের হলরুমে এক শুভকামনা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শওকত হোসেন এবং সঞ্চালনা করেন বাঁধন তালুকদার। শুভেচ্ছা বক্তব্য দেন চ্যানেল ওয়ানের ভোলা প্রতিনিধি মোকাম্মেল হক মিশু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, শহিদ জিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানুম এবং ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিটনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, যেদিন তাদের সম্প্রচার বন্ধ হয়েছিল, প্রতীকীভাবে সেই দিনটিকেই পুনরায় যাত্রার জন্য নির্ধারণ করা হয়েছে। নতুন করে যাত্রা শুরুর ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্ম, দর্শক চাহিদা এবং আধুনিক সংবাদ পরিবেশনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নতুন আঙ্গিকে ফিরে আসা “চ্যানেল ওয়ান”-এ সমসাময়িক সংবাদ, বিনোদন ও তথ্যভিত্তিক নানা অনুষ্ঠান প্রচার করা হবে বলে জানা গেছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দীর্ঘ বিরতির পর প্ল্যাটফর্মটির ফিরে আসার খবরে দর্শকদের মাঝে নতুন করে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। চ্যানেল ওয়ানের ভোলা প্রতিনিধি মোকাম্মেল হক মিশু জানান, সংশ্লিষ্টরা আশা করছেন নতুনভাবে যাত্রা শুরু করে “চ্যানেল ওয়ান” আবারও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *