
রিয়াজ হোসেন শান্ত, ভোলা।।
ভোলায় সাংবাদিক জাহিবুর রহমান সুমনের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাব-এ আয়োজিত এ সংবাদ সম্মেলনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, লালমোহন উপজেলার চর কচুয়াখালী এলাকায় সরকারি বন্দোবস্তপ্রাপ্ত ভূমিহীন ও প্রকৃত জমির মালিকরা দীর্ঘদিন ধরে নিজেদের জমিতে যেতে পারছেন না। একটি প্রভাবশালী মহল ওই চরের জমি দখল করে তরমুজ চাষিদের কাছে লগ্নি দিয়ে আসছে এবং প্রকৃত মালিকদের জমিতে প্রবেশে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ ওঠে।
এ সময় বক্তারা জানান, গত ১১ মে ২০২৬ সোমবার সকাল ১১টার দিকে প্রায় ৩০০ জন ভূমিহীন ও বন্দোবস্তপ্রাপ্ত ব্যক্তি নিজেদের জমি পরিদর্শনের জন্য চরে যান। এ সময় বিষয়টি গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের সঙ্গে নেওয়া হয়। সেখানে হঠাৎ করে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ৮ থেকে ১০ জন গুরুতর আহত হন।
অভিযোগে বলা হয়, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুদ্দিন ও ১০ নম্বর মোতাহার নগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাইনুলের নির্দেশে প্রায় ১৫০ জনের একটি সশস্ত্র দল এ হামলায় অংশ নেয়।
হামলার সময় এশিয়ান টেলিভিশন-এর ভোলা জেলা প্রতিনিধি ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি সাংবাদিক জাহিবুর রহমান সুমনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন, একটি ক্যামেরা, টেলিভিশনের মাইক্রোফোন এবং সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আমির হাওলাদার, কামাল হাওলাদার, মোঃ বাচ্ছু, মোঃ কাশেম, রিয়াজ হাওলাদার, জাফর হাজী, মোঃ সিরাজসহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
