
রিয়াজ হোসেন শান্ত, ভোলা।।
ভোলায় পৃথক দুইটি বিশেষ অভিযানে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভোলা সদর থানাধীন পূর্ব চরকালি সুন্দরবন গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ রিপন (৪৩) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি চরনোয়াবাদ গ্রামের বাসিন্দা।
অপরদিকে একই সময়ে সদর থানাধীন উত্তর দিগলদীর ঘুইংগার হাট সংলগ্ন এলাকায় পৃথক আরেকটি অভিযানে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ মোঃ রাজিব হোসেন (২৬) নামের আরেক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি উত্তর দিগলদী ইউনিয়নের বাসিন্দা।
আটককৃতদের কাছ থেকে জব্দকৃত মাদকদ্রব্যসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
