ভোলায় কোস্ট গার্ড ও কাস্টমসের যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ

রিয়াজ হোসেন শান্ত, ভোলা।।
ভোলায় কোস্ট গার্ড ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ রাখা বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল ) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে ভোলা সদর থানার চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
 অভিযান চলাকালে ওই এলাকার দুটি গোডাউন তল্লাশি করে প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ১৯ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত সিগারেটগুলো শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *