
রিয়াজ হোসেন শান্ত, ভোলা।।
প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধ ও নির্মূলে জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে ভোলায় জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে ভোলা জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোঃ মনিরুল ইসলাম। সভাটি আয়োজন করা হয় United Nations Population Fund (ইউএনএফপিএ), বাংলাদেশ এবং Center for Injury Prevention and Research, Bangladesh (সিআইপিআরবি)-এর কারিগরি সহযোগিতায়।
সভায় জানানো হয়, ২০৩০ সালের মধ্যে দেশব্যাপী প্রসবজনিত ফিস্টুলা নির্মূলের জাতীয় লক্ষ্যের অংশ হিসেবে ভোলা জেলাকে ফিস্টুলামুক্ত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় পর্যায়ের সকল অংশীজনকে সম্পৃক্ত করে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় ২০২৬ সালের মধ্যে চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলাকে ফিস্টুলামুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ মাতৃত্বসেবা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারীদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর মাধ্যমে নিরাপদ প্রসব নিশ্চিত করা গেলে ফিস্টুলা প্রতিরোধ সম্ভব। এ ক্ষেত্রে গণমাধ্যম, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
