
রিয়াজ হোসেন শান্ত, ভোলা।।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভোলায় তিন দিনের সফরের শেষ দিনে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার সকালে ভোলা সার্কিট হাউস-এ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্পিকার বলেন, বর্তমান সরকার গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে। তিনি দাবি করেন, দীর্ঘ সময় দেশের মানুষ প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ থেকে বঞ্চিত ছিল। গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশের জনগণ রাজনৈতিকভাবে সচেতন এবং তারা কোনো স্বৈরশাসন মেনে নেয় না। নানা প্রতিকূলতা অতিক্রম করে জনগণ আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
এর আগে স্পিকারকে গার্ড অব অনার প্রদান করা হয়। সভা শেষে তিনি বরিশাল হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
