
- মোঃ নোমান, তজুমদ্দিন প্রতিনিধি।।
তজুমদ্দিন, ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বেঞ্চ বিতরণ এবং এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপকরণ বিতরণ করেন ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও তাদের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন,
”শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় আসবাবপত্র ও ক্রীড়া সরঞ্জাম পৌঁছে দিচ্ছে। শিক্ষকদের দায়িত্ব হবে এই উপকরণের সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা।”
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ফুটবল, ক্রিকেট সেটসহ বিভিন্ন খেলার সরঞ্জাম এবং নতুন বেঞ্চ তুলে দেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
