
ভোলা প্রতিনিধি।।
ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে ভোলা জেলা প্রশাসক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, যা এডিস প্রজাতির মশার মাধ্যমে ছড়ায়। সামান্য অসচেতনতার কারণেই এই রোগ দ্রুত বিস্তার লাভ করতে পারে। তাই মশার বংশবিস্তার রোধ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।
জেলা প্রশাসক সূত্রে জানা যায়, বাসা-বাড়ি, অফিস বা আশপাশের কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। ফুলের টব, ফ্রিজের ট্রে, পুরোনো টায়ার, পানির ট্যাংক ও ড্রামসহ যেসব পাত্রে পানি জমে থাকতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
এছাড়া বাসার ছাদ, বারান্দা এবং নির্মাণাধীন ভবনের আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসকের পক্ষ থেকে আরও বলা হয়, দিন ও রাতে মশারি ব্যবহার করা এবং শিশুদের বিশেষভাবে সুরক্ষিত রাখা জরুরি। কারও জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা কিংবা শরীরে ব্যথা দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য বলা হয়েছে।
ভোলা জেলা প্রশাসক জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদের সম্মিলিত উদ্যোগই পারে এই রোগের ঝুঁকি কমাতে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলে সবাই মিলে ডেঙ্গুমুক্ত ভোলা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
