ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল বোটসহ ১২ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

রিয়াজ হোসেন শান্ত,ভোলা।।
ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি যাত্রীবাহী কাঠের বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (০৩ মে ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, একই দিন বিকাল প্রায় ৩টার দিকে মনপুরা থানাধীন মেঘনা নদীতে একটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী কাঠের বোট প্রবল বাতাসের কারণে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকে।
 এ সময় বোটে থাকা এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চান।
সংবাদ পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ইঞ্জিন বিকল বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত বোট ও যাত্রীদের মনপুরার হাজিরহাট সংলগ্ন নিকটস্থ ঘাটে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *