ভোলায় চোখের চিকিৎসার পাশাপাশি, মাত্র ২০০ টাকায় এমবিবিএস ডাক্তারের ভিজিট, সেবা দিচ্ছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল

রিয়াজ হোসেন শান্ত, ভোলা।।
দ্বীপ জেলা ভোলার মানুষের জন্য স্বল্প খরচে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন পরিচালিত নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল। এখন থেকে মাত্র ২০০ টাকায় এমবিবিএস ডাক্তারের ভিজিটে বিভিন্ন বিভাগের চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে এ হাসপাতালে।
ভোলা শহরের উকিলপাড়ায় প্রায় চার একর জমির ওপর প্রতিষ্ঠিত হাসপাতালটি ২০১০ সালের ১ এপ্রিল যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর গত ১৫ বছরে এখানে লক্ষাধিক রোগীর চক্ষু অপারেশন এবং প্রায় ৫ লাখ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বর্তমানে ভোলা জেলার চরফ্যাশন উপজেলাতেও হাসপাতালটির একটি শাখা চালু রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুধু চক্ষু চিকিৎসাই নয়—বর্তমানে জেনারেল বিভাগ চালুর মাধ্যমে প্রতিদিন সকাল-বিকাল বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিসিন, ডায়াবেটিস, গাইনি, শিশু, চর্ম ও যৌন রোগ, কার্ডিওলজি, নেফ্রোলজি এবং গ্যাস্ট্রোলজি বিভাগের চিকিৎসা সেবা দিচ্ছেন।
এছাড়া গরিব ও অসহায় রোগীদের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার সুবিধাও রাখা হয়েছে।
হাসপাতালটিতে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ রেজিস্টার্ড মেডিকেল টেকনোলজিস্টের মাধ্যমে স্বল্প খরচে বিভিন্ন ধরনের ল্যাবরেটরি পরীক্ষার সুবিধা রয়েছে।
এ বিষয়ে নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব নিজামুদ্দিন আহমেদ বলেন, দ্বীপ জেলা ভোলার দুর্গম এলাকার মানুষকে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, চোখের  চিকিৎসার পাশাপাশি সকল বিভাগের চিকিৎসা অল্প টাকায় আমাদের এখানে সেবা দেওয়া হয়। সেবাই আমাদের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *