
রিয়াজ হোসেন শান্ত, ভোলা।।
ভোলায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সাফল্যকে সম্মান জানাতে ব্রেন ওয়েভ অলিম্পিয়াড প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “অর্নারিং দ্য অ্যাচিভারস, ইন্সপায়ারিং দ্য ড্রিমার্স” প্রতিপাদ্যে রবিবার (১৫ মার্চ) ভোলা সরকারি কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু এবং ভোলা সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফজলে এলাহী। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। শুরুতে সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করা হয়। এরপর সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজভিত্তিক ব্রেন ওয়েভ অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত অভিজ্ঞতা শেয়ারিং সেশন অনুষ্ঠিত হয়। এতে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তুলে ধরেন এবং পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা ও স্বপ্ন দেখার গুরুত্বের ওপর জোর দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। পরে দুপুর ১টায় অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও প্রতিযোগিতামূলক মানসিকতা বিকাশে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।
