
রিয়াজ হোসেন শান্ত,ভোলা।।
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকবান্ধব নীতিমালা বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, উপমহাপরিদর্শক ডা. নবীন কুমার হাওলাদার এবং ডিজিএম (প্রশাসন) নাছিমুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, শ্রমিকদের পেশাগত ঝুঁকি কমাতে সচেতনতা বৃদ্ধি ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। তারা শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
