
রিয়াজ হোসেন শান্ত, ভোলা।।
উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোলা সদর উপজেলার সুদূরচর এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা এর উদ্যোগে একটি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রায় ২৫০ জন অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এ সময় প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং বিভিন্ন ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মশালায় স্থানীয় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, কিশোর-তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য নিয়মিত মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।
